প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৪৬ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস (ইউনিফর্ম) ও জুতা বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশের প্রায় ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং চলতি বছরের আগস্টের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রথমে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ড্রেস ও জুতা সরবরাহের কার্যকারিতা মূল্যায়ন করা হবে। সরকারের লক্ষ্য প্রথম ছয় মাসের মধ্যেই এ উদ্যোগের বাস্তবায়ন শুরু করা।
তিনি বলেন, দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠনগুলো ইতোমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে। তাদের সহযোগিতায় পাইলট প্রকল্পের জন্য ৪ লাখের বেশি ড্রেস পাওয়া যাচ্ছে। একইভাবে জুতা শিল্পের প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাও প্রত্যাশা করছে সরকার।
সভায় প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাদা রঙের ভেলক্রোযুক্ত (ফিতাবিহীন) কেডস সরবরাহের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। শিক্ষার্থীদের বয়স, উপযুক্ত সাইজ, ছেলে-মেয়েদের প্রয়োজন এবং সম্ভাব্য সরবরাহ সক্ষমতা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামত নেওয়া হয়েছে।
ববি হাজ্জাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য অনুদানের পরিমাণ, সরবরাহের সময়সীমা এবং উৎপাদন ব্যয়ের বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতে বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের জুতা সরবরাহ নিশ্চিত করতে সরকার ও শিল্পখাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা হবে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ দেশের বিভিন্ন জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ