জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা রয়েছে : মাহদী আমিন
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:৩৪ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি টেকসই, বাস্তবসম্মত ও যুগান্তকারী কর্মপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

রোববার (৭ জুন) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষাবিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাহদী আমিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং জ্ঞান-বিজ্ঞান, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও সুনাগরিক তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

তিনি জানান, কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ, ক্যারিয়ার সেন্টার ও জব প্লেসমেন্ট কার্যক্রম চালু, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার, ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ বৃদ্ধি, ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা এবং দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, দেশের ৩০ লাখের বেশি শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২ হাজার ২৮৫টি কলেজে অধ্যয়ন করছে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন শুধু একটি প্রতিষ্ঠানের পরিবর্তন নয়, বরং দেশের শিক্ষা, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

তিনি আরও বলেন, সেশনজট নিরসন, পরীক্ষা ও ফলাফল ব্যবস্থার ডিজিটাইজেশন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এসব উদ্যোগের ইতিবাচক ফলাফল শিগগিরই দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের কর্মদক্ষ, প্রযুক্তিবান্ধব, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। একই সঙ্গে সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলার সুযোগ সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft