প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:৩৫ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত।
সোমবার (৮ জুন) আপিল বিভাগ তার জামিন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, তাকে পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।
আইনজীবীরা জানিয়েছেন, এ মামলায় তার মুক্তির ক্ষেত্রে বর্তমানে আর কোনো আইনগত বাধা নেই। ফলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি কারামুক্ত হতে পারবেন।
অধ্যাপক ড. আবুল বারকাত দেশের অন্যতম পরিচিত অর্থনীতিবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
মামলার নথি অনুযায়ী, জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি ড. আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
পরবর্তীতে একই বছরের ১০ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। সর্বশেষ আপিল বিভাগের আদেশে শর্তসাপেক্ষে জামিন পাওয়ায় তার মুক্তির পথ উন্মুক্ত হয়েছে।
জ/উ