প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:০৭ পিএম

গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামী রোববার (৭ জুন) থেকে দেশের স্কুল ও কলেজগুলোতে আবারও পাঠদান শুরু হচ্ছে। টানা ১৬ দিনের ছুটি শেষে শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে গত ২৪ মে থেকে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘ বিরতির সুযোগ পেয়েছে।
সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ জুন পর্যন্ত ছুটি ছিল। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
তবে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার শিক্ষার্থীদের ছুটি আরও কিছুদিন চলবে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি আগামী ১১ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।
এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন (রোববার) থেকে দেশের মাদ্রাসাগুলোতে পুনরায় পাঠদান শুরু হবে।
দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম চালুর জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জ/উ