প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:৫০ পিএম

ভূমি সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল।
সোমবার (৮ জুন) ব্যক্তিগত গাড়িতে কোনো আনুষ্ঠানিক প্রটোকল ছাড়াই তিনি দুটি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সেবা কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, অবকাঠামোগত সুবিধা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
প্রথমে আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। এ সময় বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করে সেবাদান ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
কার্যালয়ে আগত সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন প্রতিমন্ত্রী। তিনি দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শনের সময় তিনি কার্যালয়ের সিসিটিভি ব্যবস্থাপনা, তথ্যকেন্দ্র, হেল্প ডেস্ক এবং রেকর্ড সংরক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ করে তথ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি তিনি বিভিন্ন রেকর্ড রুম ঘুরে দেখেন। কর্মকর্তারা নামজারি (মিউটেশন) কার্যক্রম পরিচালনায় সার্ভার-সংক্রান্ত কিছু প্রযুক্তিগত সমস্যার কথা তুলে ধরলে বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।
পরে আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় (পলাশবাড়ী) পরিদর্শনকালে কার্যালয়-সংলগ্ন এলাকায় পরিচালিত কিছু অননুমোদিত কার্যক্রম তার নজরে আসে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়মতান্ত্রিক কার্যক্রম নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে ভূমি প্রতিমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
আকস্মিক এই পরিদর্শনের মাধ্যমে ভূমি সেবার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি সেবার গতি ও কার্যকারিতা আরও বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।