প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি ঘিরে আলোচনা
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:১৭ পিএম



পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ওই চিঠিতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি জনসমর্থন নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হচ্ছে। একই সঙ্গে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, নির্বাচনি ইশতেহার এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসা করে সরকারের প্রতি আস্থা প্রকাশ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর তার নেতৃত্ব দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং জনগণ সরকারের কাছ থেকে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করছে।

জানা গেছে, চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। তবে এটি কোনো রাজনৈতিক দলের প্যাডে নয়, বরং ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে লেখা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মিরাজুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিঠির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতাধীন পিরোজপুর জেলার চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্নের জন্য সময়সীমা আরও এক বছর বাড়ানোর অনুরোধ জানানো।

চিঠিটি প্রকাশ্যে আসার পর স্থানীয় পর্যায়ে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাজনৈতিক পরিচয় ও পেশাগত দায়িত্বের প্রেক্ষাপটে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ নিয়ে বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে মো. মিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft