প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:২৯ পিএম

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও টিকাদান ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। সোমবার (৮ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।
মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, তৎকালীন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়েছে।
আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, হামের টিকা সংকট, টিকা আমদানিতে জটিলতা এবং চিকিৎসা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার কারণে দেশে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এর ফলে বহু শিশু আক্রান্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে।
বাদী শেখ মজিবুর রহমান ইকবাল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলার কারণে টিকা সংগ্রহ ও সরবরাহ কার্যক্রম ব্যাহত হয়। তিনি দাবি করেন, বিদেশি ভ্যাকসিন আমদানির প্রক্রিয়া বন্ধ করে পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে নতুন উদ্যোগ নেওয়া হলেও তা সময়মতো বাস্তবায়িত হয়নি। ফলে হামের সংক্রমণ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে।
মামলার আবেদনে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, “শিশুদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় যারা দায়ী, তাদের বিচার হওয়া উচিত। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়েও দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রয়োজন।”
এদিকে, গত ২০ মে হামের টিকা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে সংস্থাটি অন্তর্বর্তী সরকারকে অন্তত ১০ বার সতর্ক করেছিল। পাশাপাশি এ বিষয়ে পাঁচটি পৃথক চিঠিও দেওয়া হয়েছিল। তবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিলম্ব হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে তিনি উল্লেখ করেন।
বর্তমানে মামলার আবেদনটি আদালতের বিবেচনায় রয়েছে। আদালত এ বিষয়ে কী সিদ্ধান্ত দেন, সে দিকে সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে।
জ/উ