যাত্রাবাড়ীতে ভাড়াটিয়া বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৪৯ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে বাড়িভাড়া ও দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক অটোরিকশাচালক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামীর জামিনের বিরোধিতা করে আদালতে আবেদন করেছেন বাদীপক্ষ। 

আদালত সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার মামলা নং-৭১(৪)২৬ এ দণ্ডবিধির ৩২৬/৩০৭/৫০৬ ধারায় ভাড়াটিয়া রাজিব কুমার চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী বিউটি আক্তার অভিযোগ করেন, তার ছেলে মাহমুদ পেশায় একজন অটোরিকশাচালক। গত ১২ এপ্রিল ২০২৬ দুপুর আড়াইটার দিকে পশ্চিম যাত্রাবাড়ীর ৩৮ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন সকালে আসামী রাজিব কুমার চৌধুরীর সঙ্গে বাড়ির মালিক পক্ষের ভাড়া সংক্রান্ত বাগবিতণ্ডা হয়। পরে দুপুরে তৃতীয় তলা থেকে গরম পানি নিচে নিক্ষেপ করা হয়। এতে স্থানীয় বাড়িওয়ালা আলী হোসেন মিয়া ও লিটন মিয়া আহত হন। বিষয়টি জানতে ভিকটিম মাহমুদসহ কয়েকজন যুবক আসামীর ফ্ল্যাটের দরজায় গিয়ে নক করলে রাজিব কুমার চৌধুরী দরজা খুলে ধারালো দা-বটি দিয়ে মাহমুদের মাথায় আঘাত করেন।

বাদীপক্ষের দাবি, হামলায় মাহমুদের কপালে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

মামলার নথিতে আরও বলা হয়, আসামী রাজিব কুমার চৌধুরীর বিরুদ্ধে পূর্বে ওয়ারী থানায় ২(১১)১৩ নম্বর হত্যা মামলা রয়েছে এবং ওই মামলায় তিনি প্রধান আসামী হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বাদীপক্ষ আদালতে দাখিল করা জামিন বিরোধী আবেদনে আরও অভিযোগ করে, আসামী ও তার স্বজনরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। আসামী জামিন পেলে বাদীপক্ষের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

এদিকে বাড়ির মালিক মো. মাসুদ আলম মিলন উপ-পুলিশ কমিশনার, ওয়ারী বিভাগ বরাবর দেওয়া এক আবেদনে অভিযোগ করেন, অভিযুক্ত পরিবারের কাছে প্রায় ১১ মাসের বাড়িভাড়া, গ্যাস ও বিদ্যুৎ বিলসহ এক লাখ টাকার বেশি বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধ ও বাসা ছাড়ার অনুরোধ করলে তারা উল্টো হুমকি ও দুর্ব্যবহার করেন বলেও তিনি দাবি করেন।

পরবর্তীতে যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ এপ্রিল অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে ১৪ এপ্রিল আদালতে প্রেরণ করলে বিচারক তাকে জেল-হাজতে প্রেরণ করেন। মামলাটি বর্তমানে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft