প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:০২ পিএম

ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজারে বড় চমক হতে যাচ্ছে। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। ইতোমধ্যে ৩০ বছর বয়সী এই তারকার সঙ্গে ব্যক্তিগত শর্তাবলি নিয়ে সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ ক্লাবটি। এখন বাকি শুধু দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফির বিষয়ে চূড়ান্ত সমঝোতা।
ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সপ্তাহের শুরুতেই রদ্রির প্রতিনিধি দলের সঙ্গে রিয়াল মাদ্রিদের কর্মকর্তাদের বৈঠকে ব্যক্তিগত চুক্তির বিষয়গুলো চূড়ান্ত হয়েছে।
রদ্রিকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) ও বার্সেলোনও। এমনকি পিএসজি ম্যানচেস্টার সিটির সঙ্গে যোগাযোগ করলেও সিটি প্রথমদিকে তাকে ছাড়তে রাজি হয়নি।
ম্যানচেস্টার সিটির নতুন কোচ এনজো মারেস্কা রদ্রিকে ঘিরেই মাঝমাঠ সাজানোর পরিকল্পনা করেছিলেন। তবে স্প্যানিশ মিডফিল্ডারের ক্লাব ছাড়ার ইচ্ছায় সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না।
রদ্রির সঙ্গে সিটির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আর মাত্র এক বছর। গত এপ্রিলে তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে সাড়া দেননি। জানা গেছে, পরিবারের কাছাকাছি থাকতে স্পেনে ফিরে যেতে আগ্রহী তিনি। ২০১৯ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার আগে রদ্রি এক মৌসুম অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছিলেন।
এখন আলোচনার কেন্দ্রবিন্দু ট্রান্সফার ফি। রদ্রির জন্য বড় অঙ্কের অর্থ দাবি করতে পারে ম্যানচেস্টার সিটি। তবে চুক্তির মেয়াদ কমে আসা এবং খেলোয়াড়ের ক্লাব ছাড়ার আগ্রহ দুই বিষয়ই আলোচনায় প্রভাব ফেলতে পারে।
ইতোমধ্যে সিটি ৮৫ মিলিয়ন পাউন্ডে মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে দলে ভিড়িয়েছে। পাশাপাশি বিশ্বকাপে আলোচিত মরক্কোর তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে** দলে নেওয়ার বিষয়েও অনেক দূর এগিয়েছে ক্লাবটি। ফলে রদ্রিকে বিক্রি করে অর্থ সংগ্রহের পথেই হাঁটতে পারে ইংলিশ চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়া হোসে মরিনহো মাঝমাঠে অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতে রদ্রিকে দলে চান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার কৌশলের সঙ্গে রদ্রির খেলার ধরনও মানানসই বলে মনে করা হচ্ছে।
রদ্রির আগমনে রিয়ালের বর্তমান মিডফিল্ডেও পরিবর্তন আসতে পারে। সে ক্ষেত্রে এদুয়ার্দো কামাভিঙ্গা কিংবা অরেলিয়েন চুয়ামেনির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। তাদের দলে ভেড়াতে আগ্রহী প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবও পরিস্থিতির দিকে নজর রাখছে।