২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করলেন স্কালোনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:২৪ পিএম

২০২৬ বিশ্বকাপ শেষে নিজ শহর পুজাতোতে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। অবসর সময়েও প্রতিদিন তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য সমর্থক। আর সেই ভিড়েই এক শিশুভক্তের ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

শিশু ফ্রাঙ্কো ওত্তাভিয়ানি ও তার পরিবার স্কালোনির জন্য একটি প্রতীকী চুক্তিপত্র তৈরি করে নিয়ে আসে। কাগজটিতে লেখা ছিল, ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি’। উদ্দেশ্য ছিল, স্কালোনি যেন ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

শিশুটির অনুরোধে কোনো দ্বিধা না করেই প্রতীকী ওই চুক্তিতে স্বাক্ষর করেন স্কালোনি। পরে তিনি উপস্থিত অন্য সমর্থকদের সঙ্গে ছবি তোলেন এবং অটোগ্রাফও দেন।

ঘটনাটি আরও আলোচনায় আসে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ফ্রাঙ্কো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও চিকি তাপিয়ার উদ্দেশে বলেন, এবার আপনার পালা। অর্থাৎ, স্কালোনিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখতে এখন আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয় ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর। সে সময় তিনি জানিয়েছিলেন, ডিসেম্বর পর্যন্ত তার বর্তমান চুক্তি রয়েছে এবং এরপর হয়তো কিছু সময়ের জন্য বিরতি নিতে পারেন। এরপর থেকেই জাতীয় দলের দায়িত্বে তার থাকা-না থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন স্কালোনিকে দায়িত্বে রাখার ব্যাপারে আগ্রহী। সম্প্রতি প্রকাশিত এক আবেগঘন ভিডিওবার্তায় এএফএ সভাপতি তাপিয়া বলেন, আমি যদি আপনাকে বলি, এখনও অনেক ইতিহাস লেখা বাকি! কারণ ইতিহাস সবসময় আর্জেন্টিনাই লেখে। এই জার্সির ভরসা আপনার ওপর। আমরা যদি একসঙ্গে এত কিছু অর্জন করতে পারি, তাহলে সামনে আরও অনেক কিছু অর্জন করা সম্ভব।

যদিও শিশুভক্তের স্বাক্ষর নেওয়া চুক্তির কোনো আনুষ্ঠানিক বা আইনি ভিত্তি নেই, তবে এটি আর্জেন্টাইন সমর্থকদের কাছে স্কালোনিকে আরও দীর্ঘ সময় জাতীয় দলের ডাগআউটে দেখতে চাওয়ার আবেগেরই প্রতীক হয়ে উঠেছে।

জ/শা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft