প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:১৮ এএম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) প্রদত্ত ‘লেটার অব কমেন্ডেশনস ফর এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি–২০২৬’ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। সমুদ্রে অসাধারণ সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
জানা গেছে, আগামী ১৪ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডনে আইএমওর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ জানুয়ারি কর্ণফুলী নদীর চ্যানেলে একটি এলপিজিবাহী জাহাজকে জেটিতে ভেড়ানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন আসিফ আহমেদ। লাইবেরিয়ার পতাকাবাহী ‘গ্যাস হারমোনি’ নামের জাহাজটিতে বিপুল পরিমাণ প্রোপেন ও বিউটেন গ্যাস ছিল।
বার্থিং কার্যক্রম চলাকালে হঠাৎ জাহাজটির ইঞ্জিন ও স্টিয়ারিং ব্যবস্থা বিকল হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রবল স্রোতের টানে পাশের কাফকো অ্যামোনিয়া জেটির দিকে ভেসে যেতে শুরু করে। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠলে ক্যাপ্টেন আসিফ তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে জরুরি নোঙর ব্যবহারের নির্দেশ দেন এবং দক্ষ নৌ-চালনা কৌশলের মাধ্যমে জাহাজটির গতি নিয়ন্ত্রণে আনেন।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তার দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে জাহাজটি নিরাপদে থেমে যায় এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় তার পেশাদারিত্ব ও সাহসিকতা দেশ-বিদেশে প্রশংসিত হয়। ‘গ্যাস হারমোনি’ জাহাজের ক্যাপ্টেন ও মালিকপক্ষও তাকে আনুষ্ঠানিকভাবে প্রশংসাপত্র প্রদান করেছে।
আইএমওর ‘লেটার অব কমেন্ডেশনস ফর এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি’ সম্মাননা সমুদ্রে দায়িত্ব পালনকালে অসাধারণ সাহসিকতা, বিচক্ষণতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। ক্যাপ্টেন আসিফ আহমেদের এ অর্জন বাংলাদেশের সামুদ্রিক খাত এবং চট্টগ্রাম বন্দরের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
জ/উ