প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:৪৫ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের বড় অবকাঠামো প্রকল্পগুলোর ব্যয় রাজনৈতিকভাবে নির্ধারিত হয় না; বরং প্রকৌশলীদের কারিগরি পরিকল্পনা ও প্রয়োজনীয়তার ভিত্তিতেই তা নির্ধারণ করা হয়। একই সঙ্গে তিনি অপরিকল্পিত নগরায়ণের অন্যতম কারণ হিসেবে নিয়ম না মেনে স্থাপনা নির্মাণের প্রবণতার কথা উল্লেখ করেন।
শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীতে ‘প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিকল্পনা ও বিধিমালা অনুসরণ না করে সড়ক ও অবকাঠামোকেন্দ্রিক আবাসন গড়ে ওঠায় ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে নানা জটিলতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি ও সমন্বিত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের চাহিদা বিবেচনায় ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। এজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্মাণবিধি মেনে ভবন নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, নতুন আবাসিক ভবনের নকশা প্রণয়নের সময় সৌরবিদ্যুৎ ব্যবস্থার বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য প্রকৌশলীদের প্রয়োজনীয় গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জ/উ