গৌরীপুরে মানিক হত্যাকাণ্ড নেই কোন অভিযোগ, পত্রিকায় সংবাদ প্রকাশ ঘটনার নির্দেশদাতা বিএনপি নেতা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:১৩ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে পরিবহন শ্রমিক মানিক হত্যাকাণ্ডের মামলায় নাম নেই। ভুক্তভোগী পরিবারের নেই কোন অভিযোগ। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার নেই কোন প্রমাণ অথচ জাতীয় একটি পত্রিকার সংবাদে উল্লেখ করা হয়েছে হত্যাকান্ডের নির্দেশদাতা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ। মনগড়া এ সংবাদ প্রকাশের ঘটনায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মাঝে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার (১১ জুলাই) দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ বলেন, দৈনিক ইনকিলাব পত্রিকায় গত ০৭ জুলাই অনলাইনে ও ১০ জুলাই প্রিন্ট ভার্সনে প্রকাশিত গৌরীপুরে শ্রমিক নেতা হত্যাকাণ্ড  ৩ বিএনপি নেতা বহিষ্কার হলেও গ্রেপ্তার নেই, ক্ষুব্ধ পরিবার শিরোনামের সংবাদটি মনগড়া ও মিথ্যা। তিনি অভিযোগ করেন, ওই সংবাদে তাকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।

তিনি দাবি করেন, শ্রমিক নেতা মানিক হত্যাকাণ্ডের সাথে তার বা গৌরীপুর উপজেলা বিএনপির কোনো ধরনের সম্পৃক্ততা নেই। নিহতের স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার সেলিনা বাদী হয়ে গৌরীপুর থানায় যে মামলা করেছেন, সেখানে তার নাম নেই। নিহতের পরিবারের দেওয়া ভিডিও ও অডিও বক্তব্যেও তার সম্পৃক্ততা নেই বলে তিনি উল্লেখ করেন।

শ্রমিক নেতা মানিকের হত্যাকাণ্ডকে নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, যে কোনো ধরনের হত্যা-নাশকতা-অরাজকতার বিরুদ্ধে আমরা সোচ্চার। এই ঘটনার সাথে প্রকৃত জড়িতদের দায় বিএনপি নেবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এছাড়াও মিথ্যা, ভিত্তিহীন ও এজেন্ডাভিত্তিক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে এ বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ আব্দুর রহমান বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহবায়ক মোঃ আলী আকবর আনিস, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার, এ কে এম আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন খোকন, হারুন অর রশিদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন পাপ্পু সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft