
সরকারি চাকরির ১২ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিবেচনায় নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেশন সুবিধা চালুর প্রস্তাবে নীতিগতভাবে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে গত জুন মাসে অর্থ বিভাগের সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে প্রতি মাসে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার এবং তিন মাস পর সংশ্লিষ্ট সচিবদের বৈঠকে বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বাস্তবতায় তাদের আর্থিক চাপ কিছুটা লাঘবের লক্ষ্যেই রেশন সুবিধা চালুর প্রস্তাব বিবেচনায় নেওয়া হচ্ছে।
প্রস্তাবটি প্রথম উত্থাপিত হয় চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে। সেখানে ১২ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহের ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখার উপসচিব মো. মামুন জানান, ডিসি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।
জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ ধরনের উদ্যোগ সময়োপযোগী হতে পারে। তবে রেশন সুবিধা কার্যকর করতে হলে সুষ্ঠু পরিকল্পনা, পর্যাপ্ত অর্থায়ন এবং স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন, যাতে প্রকৃত উপকারভোগীরা এর সুফল পান।
বর্তমানে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ কয়েকটি প্রতিষ্ঠানের সদস্যরা সরকার নির্ধারিত রেশন সুবিধা পেয়ে থাকেন।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি চাকরির ১২ থেকে ২০তম গ্রেডের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী রেশন সুবিধার আওতায় আসতে পারেন। তবে কবে থেকে এবং কী পদ্ধতিতে এ সুবিধা চালু হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জ/উ