প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:৩০ এএম আপডেট: ১১.০৭.২০২৬ ৪:৩১ পিএম

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে তিনি কলেজ ক্যাম্পাসে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
সফরকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সড়কের পাশে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান। গাড়িবহর ক্যাম্পাসে পৌঁছালে প্রধানমন্ত্রী উপস্থিতদের উদ্দেশে শুভেচ্ছা জানান।
সফর উপলক্ষে কলেজ ও হাসপাতালসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে ফুটপাতের অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকান অপসারণ করা হয়। এতে পথচারী, রোগী ও তাদের স্বজনদের চলাচলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়দের অনেকে জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। তাদের অনেকেই আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামো উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্বে ঢাকা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি প্রতিষ্ঠানটির উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
জ/উ