প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:৫০ পিএম আপডেট: ১১.০৭.২০২৬ ৪:২০ পিএম

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী, ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। এ সময় হোস্টেলের শিক্ষার্থীরা তাদের স্বাগত জানান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
শনিবার সকালে ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান হোস্টেলটি পরিদর্শনে যান। ছাত্রজীবনে ডা. জুবাইদা রহমান এই হোস্টেলেই অবস্থান করতেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে তাদের শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। তিনি বলেন, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য চিকিৎসক হিসেবে গড়ে তুলতে হবে এবং দেশ ও মানুষের সেবায় ভূমিকা রাখতে হবে।
ডা. জুবাইদা রহমান হোস্টেল ও ক্যাম্পাসজীবনের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরে বলেন, ঢাকা মেডিকেল কলেজে কাটানো সময় তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি। বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের নানা চ্যালেঞ্জ ইতিবাচক মনোভাব নিয়ে মোকাবিলা করে লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজকে আন্তর্জাতিক অঙ্গনে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এ লক্ষ্য অর্জনে বর্তমান শিক্ষার্থীদের আন্তরিকতা ও পেশাগত দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে শিক্ষার্থীরা তাদের সঙ্গে স্মারক ছবি তোলেন।
জ/উ