প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:২২ এএম

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় কলকাতার নিউমার্কেট এলাকায় ফিরে এসেছে উৎসবের আমেজ। রোববার থেকে ভিসা কার্যক্রম শুরু হওয়ার খবরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বাংলাদেশি পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য কলকাতার নিউমার্কেট। ভিসা চালুর পর বাজারটিতে আবারও আগের কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এ উপলক্ষে শনিবার নিউমার্কেটের মারকুইস স্ট্রিট-ফ্রিস্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় সিসিটিভি নজরদারি জোরদার করা, প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং যেকোনো সমস্যায় দ্রুত সহায়তার বিষয়ে আলোচনা করা হয়। পরে ব্যবসায়ীরা নিউমার্কেট এলাকার প্রায় ৩৬টি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে সেগুলোর কার্যকারিতা যাচাই করেন।
পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় আনন্দ প্রকাশ করে ব্যবসায়ীরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ ও মিষ্টিমুখ করেন। তাদের প্রত্যাশা, এই সিদ্ধান্তের ফলে নিউমার্কেট আবারও আগের প্রাণচাঞ্চল্য ফিরে পাবে।
নিউমার্কেটের বস্ত্র ব্যবসায়ী সঞ্জয় মজুমদার বলেন, শুধু মেডিকেল ভিসার ওপর নির্ভর করে ব্যবসা সচল রাখা কঠিন হয়ে পড়েছিল। এতে পরিবহনসহ সংশ্লিষ্ট অনেক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন জনপ্রিয় খাবারের হোটেল ‘কস্তুরী’ বা ‘খালেক’-এর কর্মচারী সাইফ উদ্দিন। তিনি বলেন, পর্যটন ভিসা বন্ধ থাকায় ব্যবসা অনেকটাই কমে গিয়েছিল। নতুন করে ভিসা চালু হওয়ায় ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পেয়েছেন এবং আবারও জমজমাট পরিবেশের প্রত্যাশা করছেন।
জ/উ