প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:৫৯ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ দুই দশক পর কক্সবাজার সফর করেছেন। শনিবার (১৩ জুন) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হলেও তা উপেক্ষা করে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সকাল ৯টা ৫০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন। বিমানবন্দরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাইরে অপেক্ষমাণ নেতাকর্মী ও সমর্থকরাও তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেন। সফরের শুরুতে তিনি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী এলাকায় ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
পরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং পার্কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এছাড়া পেকুয়া উপজেলায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সফরের আরেক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক জনসভায় অংশ নেন তিনি।
দিনব্যাপী কর্মসূচির ফাঁকে প্রধানমন্ত্রী কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক এবং সমুদ্রসৈকতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
এই সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। দীর্ঘ বিরতির পর তার এ সফরকে ঘিরে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
জ/উ