প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:১৮ পিএম

দেশকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিকবান্ধব করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো নয়, বরং একটি সত্যিকারের বাসযোগ্য দেশে পরিণত করা। শনিবার (২৭ জুন) রাজধানীর হাতিরঝিল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, রাজধানীর লেক, ঝিল ও জলাধারগুলোকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন করতে পরিকল্পিতভাবে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক বছরের মধ্যে ধানমন্ডি লেকের দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে। পাশাপাশি হাতিরঝিলের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের কাজও গত এক মাস ধরে চলমান রয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাতিরঝিলে নতুন আলোকসজ্জা স্থাপন, লেকের দুই পাশ সংস্কার ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সন্ধ্যার পর অবৈধ হকারদের অবস্থান নিয়ন্ত্রণে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মীর শাহে আলম বলেন, বিভিন্ন রেস্টুরেন্ট, বাসাবাড়ি ও আবাসিক এলাকায় এডিস মশার লার্ভার উপস্থিতি উদ্বেগজনক। তাই ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতেও বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রতি শনিবার উপজেলা পর্যায়ে স্কুল-কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এ বিষয়ে জাতীয় পর্যায় থেকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
জ/উ