প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:৫৪ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রজন্মের রাজনৈতিক দল এনসিপিকে অতীতের বিতর্ক বা ‘স্টিগমা’ থেকে মুক্ত থেকে সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান গ্রহণের পরামর্শ দিয়েছেন।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বক্তব্যে মির্জা ফখরুল দেশের রাজনৈতিক ইতিহাস ও স্বাধীনতার চেতনার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত দেশের মানুষের সামনে নিজেদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা।
এ সময় তিনি এনসিপির সংসদীয় কার্যক্রমের প্রশংসা করে বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা সংসদে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ভবিষ্যতে তারা আরও দায়িত্বশীল ও সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান নিয়ে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বর্তমান বাজেট ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’-এই তিন ভিত্তির ওপর প্রণয়ন করা হয়েছে। সরকারের লক্ষ্য আগামী এক বছরে অর্থনীতিকে স্থিতিশীল করা, পরবর্তী তিন বছরে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং পাঁচ বছরের মধ্যে কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্বের অগ্রযাত্রা এগিয়ে নিতে সরকার আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে কাজ করছে।
জ/উ