প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৪৩ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বুধবার) একদিনের সফরে মৌলভীবাজার যাচ্ছেন। সফরের প্রধান কর্মসূচি হিসেবে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।
মঙ্গলবার (১৬ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
দিনের কর্মসূচি শেষে বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে সংক্ষিপ্ত বিশ্রামের পর দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্মসূচি সফল করতে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং আয়োজকরা সমন্বিতভাবে কাজ করছেন বলে জানা গেছে।
জ/উ