প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:১৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দেশে ডিজিটাল সেবার বিস্তার, প্রযুক্তির সহজপ্রাপ্যতা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে কম মূল্যে স্মার্টফোন সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে স্মার্টফোনের সহজপ্রাপ্যতা গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে ইন্টারনেটের মূল্য আরও সহনীয় পর্যায়ে আনার বিষয়টিও বিবেচনার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে দেশের মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করা প্রয়োজন।
সাক্ষাতে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও উভয়পক্ষ মতবিনিময় করেন।
জ/উ