মানবতাবিরোধী অপরাধ মামলায় হাবিবসহ ৫ পুলিশের রায় আগামীকাল
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:০৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় দুই তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে রায় আগামীকাল রবিবার (২৮ জুন) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এর আগে গত ১৫ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায়ের জন্য দিন নির্ধারণ করেন।

মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং আরও একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হয়।

দ্বিতীয় দফার যুক্তিতর্কে আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ নেই। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মামলার আসামিদের মধ্যে বর্তমানে কেবল রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার রয়েছেন। বাকি চারজন পলাতক। তারা হলেন-ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।

গত ৪ মার্চ মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত থাকলেও পরে নতুন ডিজিটাল আলামত উপস্থাপনের আবেদন করে প্রসিকিউশন। এরপর পুনরায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই বছরের ৭ আগস্ট প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft