প্রাথমিকে খেলাধুলা বাধ্যতামূলক, মাঠ নিশ্চিতের নির্দেশ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:১০ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে জাতীয় পাঠ্যক্রমে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ লক্ষ্যে বিদ্যালয়ে খেলার মাঠ নিশ্চিতসহ একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে।

রোববার অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ১৬ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ রয়েছে, সেগুলো খেলাধুলার উপযোগী করতে প্রয়োজনীয় চাহিদা নিরূপণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ আনার উদ্যোগ নিতে হবে।

এছাড়া প্রায় ১১ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই উল্লেখ করে এসব বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

ভবিষ্যতে নতুন কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাঠানোর আগে সেখানে পর্যাপ্ত খেলার মাঠ রয়েছে কি না, তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

যেসব বিদ্যালয়ের নিজস্ব মাঠ নেই, সেসব ক্ষেত্রে আশপাশের বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকানাধীন মাঠ নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের লক্ষ্যে সমঝোতা বা চুক্তির উদ্যোগ নিতে বলা হয়েছে।

এছাড়া স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মসজিদ, মন্দির, খালি জায়গা, পতিত জমি বা অন্য সরকারি সংস্থার মাঠ ব্যবহার করে শিক্ষার্থীদের খেলাধুলার আয়োজনের ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

যেসব বিদ্যালয়ে মাঠের ব্যবস্থা করা সম্ভব নয়, সেখানে বরাদ্দকৃত অর্থ দিয়ে দাবা, ক্যারামসহ বিভিন্ন ইনডোর গেমসের সরঞ্জাম সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং প্রতিদিন পাঠদান শেষে ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিদ্যালয়ের মাঠ শিশুদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এসব নির্দেশনা বাস্তবায়ন করে অগ্রগতি প্রতিবেদন দ্রুত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, খেলাধুলাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার এ উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নেতৃত্বগুণ, দলগত কাজের দক্ষতা এবং বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft