প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:৩৭ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা ও নাশকতার চেষ্টার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা সদরের খাদ্যগুদাম সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলা গরুরহাটা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে উপজেলা ছাত্রলীগ ঝটিকা মিছিলের মাধ্যমে নাশকতার চেষ্টা করেছে। ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। পাশাপাশি নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং যেকোনো অপতৎপরতা প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার ও আশরাফ উদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মমিনুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সাজু আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক সোলেমান কবির পাপ্পুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জ/দি