কাপাসিয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় ২০২৫-২৬ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ' (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী জাঁকজমকপূর্ণ 'পার্টনার কংগ্রেস ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) কাপাসিয়া উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাপাসিয়ার বাস্তবায়নে এই কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) ও নন-পিএফএস এর কৃষক-কৃষাণী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মোট ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, বিশিষ্ট কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম খান। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক ।
বক্তারা বলেন, বাংলাদেশের কৃষি খাতকে পুষ্টিসমৃদ্ধ, উদ্যোক্তাবান্ধব এবং জলবায়ু সহনশীল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে 'পার্টনার' প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ। গ্রামীণ অর্থনীতির রূপান্তর এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এই ধরণের কংগ্রেস অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি অনুশীলনে এই কংগ্রেস নতুন দিগন্তের উন্মোচন করবে। উক্ত কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুলের ৩৫ জন এবং পিএফএস-এর বাইরের ৩৫ জন অগ্রগামী কৃষক-কৃষাণী নিজেদের মাঝে অভিজ্ঞতা বিনিময় করেন। তারা আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ ও উন্নত পদ্ধতিতে চাষাবাদ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আগত চাষীদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা এবং কৃষি ব্যবসায় সফল উদ্যোক্তা হওয়ার নানা কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরে কাপাসিয়া উপজেলায় ১৮ টি পিএফএস (পার্টনার ফিল্ড স্কুল)-এর মাধ্যমে ৪৫০ জন কৃষক ও কৃষানীকে ১০ দিনব্যাপী বিভিন্ন বিষয়ে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইসকান্দার আলম জানু, কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোহাম্মদ ফোরকানুল ইসলাম মুকুল। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জ/দি