প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:০৭ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সাপের উপদ্রব ও সাপকাটার ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ব্যক্তিগত উদ্যোগে ২০টি অ্যান্টিভেনম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করেছেন সমাজকর্মী ও ব্যবসায়ী আমির হোসেন আজাদ।
সোমবার (২২ জুন) হারামিয়া ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাসের হাতে অ্যান্টিভেনমগুলো হস্তান্তর করেন। আমির হোসেন আজাদ উপজেলা কমপ্লেক্স টাউন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং রাজকন্যা শপিং ও রাজকন্যা মোবাইল মিডিয়ার কর্ণধার।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার মধ্যে সন্দ্বীপ উপজেলায় সাপের আতঙ্ক তুলনামূলক বেশি। সম্প্রতি এক সপ্তাহের ব্যবধানে সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানবিক সহায়তার অংশ হিসেবে অ্যান্টিভেনম সরবরাহ করেন আমির হোসেন আজাদ।
অ্যান্টিভেনম হস্তান্তরকালে আমির হোসেন আজাদ বলেন, “সাম্প্রতিক সময়ে সন্দ্বীপে সাপের কামড়ে দুইজনের মৃত্যুর ঘটনা আমাকে খুবই ব্যথিত করেছে। মানুষের জীবন রক্ষায় সামান্য অবদান রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত উদ্যোগে এসব অ্যান্টিভেনম প্রদান করেছি।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস বলেন, “সাপে কামড়ানোর পর রোগীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে। অ্যান্টিভেনম প্রয়োগের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য ওষুধও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরবরাহ করা হবে।”
এ সময় উপস্থিত ব্যক্তিরা সমাজসেবামূলক এ উদ্যোগকে স্বাগত জানান এবং সাপকাটা রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে আরও সহযোগিতার আহ্বান জানান।
জ/উ