দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি কিছুটা পুরুষতান্ত্রিক: তামান্না
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:১৫ পিএম

দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার মতে, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি এখনো কিছুটা পুরুষতান্ত্রিক।

সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন এই অভিনেত্রী। যদিও ক্যারিয়ারের শুরুটা হয়েছিল হিন্দি সিনেমা দিয়ে, তবে তেলুগু চলচ্চিত্রেই তিনি জনপ্রিয়তা ও সাফল্যের শীর্ষে পৌঁছান।

সাক্ষাৎকারে তামান্না বলেন, বলিউডে শিল্পঘেঁষা ও বাণিজ্যিক- দুই ধরনের কাজেরই সুযোগ রয়েছে। কেউ অভিনয়নির্ভর চরিত্রে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আবার কেউ গ্ল্যামার ও নাচ-গানের মাধ্যমে দর্শকের কাছে জনপ্রিয়তা পান। তবে যারা দুই ধরনের কাজই দক্ষতার সঙ্গে করতে পারেন, তারাই শেষ পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেন বলে মন্তব্য করেন তিনি।

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি প্রসঙ্গে তামান্না বলেন, “সেখানে এক ধরনের বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটিকে কিছুটা পুরুষতান্ত্রিক বলা যায়। নারীদের প্রতি সেই দৃষ্টিভঙ্গি খুব একটা ইতিবাচক বা প্রশংসাসূচক নয়। তবে আমি ওই ইন্ডাস্ট্রির সংগীতনির্ভর ও তারকাকেন্দ্রিক দিকটি বুঝতে পেরেছিলাম।”

আরও পড়ুন : আলিয়া-অনন্যার পর আলাদা থাকছেন শ্রদ্ধা কাপুর

তিনি আরও বলেন, দক্ষিণ ভারতীয় বাণিজ্যিক সিনেমায় তারকাসুলভ উপস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, ফলে অনেক সময় গল্প ও চরিত্রের পরিসর সীমাবদ্ধ হয়ে পড়ে।

তবে নিজের মন্তব্যকে ব্যক্তিগত অভিজ্ঞতা হিসেবেই দেখার আহ্বান জানিয়েছেন তামান্না। তার ভাষায়, অন্য শিল্পীদের অভিজ্ঞতা ভিন্নও হতে পারে। তিনি মনে করেন, যেসব অভিনেত্রী দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে টিকে আছেন, তারা অভিনয়নির্ভর চরিত্রের পাশাপাশি নাচ-গান ও বাণিজ্যিক ধারার কাজেও সমান দক্ষতা দেখিয়েছেন।

বর্তমানে নতুন ছবি ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন তামান্না ভাটিয়া। দীপক মিশ্র পরিচালিত ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার ও শ্বেতা তিওয়ারি। আগামী ২৬ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft