ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৩৫ পিএম

সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ করা হয়েছে।
সম্প্রতি দোলারবাজারস্থ ব্র্যাক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে আধুনিক কৃষিযন্ত্র ও পরিবেশবান্ধব জৈব সার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম। তিনি ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। এতে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।”
ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) আসাদুজ্জামান, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মেহেদী হাসান, বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের সিনিয়র অফিসার এস.এম. মফিজুর রহমান, উপজেলা হিসাব ব্যবস্থাপক আবুল হাসিম এবং হিসাব সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক হাসানুজ্জামান সরকার।
সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা স্থানীয় কৃষি উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তার জন্য ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, আধুনিক কৃষি উপকরণের ব্যবহার কৃষিকাজকে আরও সহজ, সাশ্রয়ী ও লাভজনক করে তুলবে।