রামিসা হত্যা মামলার রায় আজ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৫৫ এএম

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার রায় আজ ঘোষণা করবেন আদালত। বহুল আলোচিত এ মামলার রায়কে কেন্দ্র করে আদালতপাড়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে রোববার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে আনা হয়েছে। বর্তমানে তারা আদালতের হাজতখানায় রয়েছেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান বলেন, সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। তিনি আশা প্রকাশ করেন, এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে।

মামলার নথি অনুযায়ী, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার গত ১৯ মে সকালে বাসা থেকে বের হওয়ার পর প্রতিবেশী স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যান। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা আসামিদের কক্ষের সামনে তার জুতা দেখতে পান।

অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে রামিসার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

ঘটনার পরদিন রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ গত ২৪ মে আদালতে চার্জশিট জমা দেয়। মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

এর আগে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজকের দিন রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন। এখন সবার নজর রয়েছে আলোচিত এ মামলার রায়ের দিকে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft