ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে থাকছে না ‘কর’
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৩০ এএম

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের বিদেশি প্ল্যাটফর্ম থেকে দেশে আনা আয়ের ওপর আর উৎসে কর কাটা হবে না। আগামী অর্থবছর থেকে এ সুবিধা কার্যকর করতে আয়কর আইনে সংশোধনী আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

বর্তমান নিয়ম অনুযায়ী, দেশে অবস্থান করে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কাজ করে আয় দেশে আনলে তা রেমিট্যান্স হিসেবে গণ্য করা হয় না। ফলে ব্যাংকগুলো ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর ৭ দশমিক ৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখত। নতুন সিদ্ধান্তের ফলে এই কর আরোপের বাধ্যবাধকতা থাকছে না।

তবে কনটেন্ট ক্রিয়েটরদের দেশে ব্র্যান্ড প্রমোশন, স্পনসরশিপ বা অন্য উৎস থেকে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী আয়কর দিতে হবে। একই সঙ্গে আয়কর আইনে ‘কনটেন্ট ক্রিয়েটর’ শব্দটির সংজ্ঞাও যুক্ত করা হবে।

গত ১ জুন সচিবালয়ে জনপ্রিয় ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা জুয়েল রানার সঙ্গে বৈঠকে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়। এরপর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এনবিআর সূত্র বলছে, সরকারের এ উদ্যোগ দেশের ফ্রিল্যান্সিং, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল কনটেন্ট খাতকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। দীর্ঘদিন ধরে বৈদেশিক আয় বা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অর্জিত আয়ের ওপর উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতারা।

ইতোমধ্যে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং আয়ের ওপর উৎসে কর কর্তন স্থগিতের পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি আগে কাটা কর ফেরত দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত দেশের তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft