ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:১০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসন দেশের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছে। তবে গণতান্ত্রিক বাংলাদেশে এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।

রোববার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তাই তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

উচ্চশিক্ষা সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, দেশের দুই হাজারের বেশি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এসব প্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। উচ্চশিক্ষার সুযোগ বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, শহর ও গ্রামের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী এই প্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিগত পরিবর্তনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে, আবার অনেক প্রচলিত পেশা ঝুঁকির মুখে পড়ছে। তাই কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা জরুরি।

তিনি আশা প্রকাশ করেন, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও এগিয়ে যাবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft