শিক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-তুরস্ক আলোচনা
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:০৮ পিএম

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রোববার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি (টিকা)-এর ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরজানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষাক্রম আধুনিকায়ন, ডিজিটাল শিক্ষা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ববি হাজ্জাজ বলেন, তুরস্ক বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশও ভবিষ্যতে সেই পর্যায়ে পৌঁছাতে চায়। এজন্য প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, প্রযুক্তি ও সমস্যা সমাধানমূলক দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে একজন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে প্রবেশের আগেই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য প্রস্তুত হয়ে উঠবে।

প্রতিমন্ত্রী জানান, সরকার বর্তমানে শিক্ষক প্রশিক্ষণ, নতুন শিক্ষাক্রম প্রণয়ন, শিক্ষা অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা প্রশাসন, কারিকুলাম উন্নয়ন এবং নন-ফরমাল শিক্ষা বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম পরিচালনা করছে।

বৈঠকে ড. আলি এরজান বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নেতৃত্ব ও শিক্ষা সংস্কার পরিকল্পনা দেশের প্রাথমিক শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদী।

এ সময় উভয়পক্ষ প্রাথমিক শিক্ষা খাতে সম্ভাব্য আর্থিক ও কারিগরি সহায়তা, মডেল স্কুল উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষাবান্ধব অবকাঠামো নির্মাণ এবং আধুনিক শিক্ষাদর্শন বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ শেষে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয়পক্ষ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft