প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:১৪ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন। ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস।
এর আগে থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন লিটন। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে সাদা বলের দুই সংস্করণ ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় দলকেই নেতৃত্ব দেবেন তিনি। একই সঙ্গে ওয়ানডে দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাওহীদ হৃদয়কে। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন নাজমুল হোসেন শান্ত।
বুধবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।
নেতৃত্বে এই পরিবর্তনের বিষয়ে তামিম বলেন, আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।
সম্প্রতি সাদা বলের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স এবং নেতৃত্ব নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছিল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের পরাজয়ের পর তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এরপর থেকেই তাকে নেতৃত্ব থেকে সরানোর গুঞ্জন জোরালো হয়। শেষ পর্যন্ত বিসিবির সর্বশেষ সিদ্ধান্তে সেই গুঞ্জনই সত্যি হলো।
নতুন দায়িত্ব পেয়ে লিটনের সামনে এখন সাদা বলের দুই সংস্করণে বাংলাদেশ দলকে সাফল্যের পথে এগিয়ে নেওয়ার বড় চ্যালেঞ্জ। আর টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত, ফলে তিন সংস্করণের বদলে দুই অধিনায়কের নেতৃত্বে এগোবে বাংলাদেশ ক্রিকেট।