পছন্দের মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকুন, আল্লু অর্জুনের মন্তব্যে তীব্র সমালোচনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম

অনলাইন ট্রলিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যান ওয়ার’ বন্ধের আহ্বান জানাতে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। ভক্তদের উদ্দেশে দেওয়া তার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই অভিযোগ করছেন, তার বক্তব্য নারীদের উত্ত্যক্ত করা বা স্টকিংয়ের মতো আচরণকে পরোক্ষভাবে উৎসাহিত করে।

গত মঙ্গলবার (২৮ জুলাই) হায়দরাবাদে আল্লু অর্জুন ফ্যানস অ্যাসোসিয়েশন (এএএফএ) আয়োজিত এক বিশেষ সম্মেলনে বক্তব্য দেন এই অভিনেতা। অনুষ্ঠানে তিনি ভক্তদের উদ্দেশে অনলাইন ট্রলিং, বিদ্বেষমূলক প্রচারণা ও তারকাদের ঘিরে অযথা ভার্চ্যুয়াল সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

আল্লু অর্জুন বলেন, আমার ভক্ত, বিরোধী অনুরাগী এবং সমালোচকদের উদ্দেশে আমি বহুদিন ধরে কিছু বলতে চেয়েছিলাম। আপনি যদি কাউকে পছন্দ না করেন, তবে তার বিরুদ্ধে ঘৃণা ছড়াতে বা ট্রল করে সময় নষ্ট করবেন না।

তবে বক্তব্যের একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। ভাইরাল হওয়া ওই ক্লিপে আল্লুকে বলতে শোনা যায়, তার চেয়ে বরং যে মেয়েটিকে আপনার পছন্দ, তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকুন।

এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানান। তাদের দাবি, এমন মন্তব্য নারীদের পিছু নেওয়া, উত্ত্যক্ত করা বা স্টকিংয়ের মতো অসংবেদনশীল আচরণকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একজন ব্যবহারকারী লেখেন, বাস্তবজ্ঞান একেবারেই শূন্য। আরেকজন মন্তব্য করেন, নিজের ভক্তদের কী পরামর্শ দিচ্ছেন, সে বিষয়ে আল্লু অর্জুনের আরও সতর্ক হওয়া উচিত।

আরেক নেটিজেন লিখেছেন, আপনি এমন একটি আচরণকে রোমান্টিক রূপ দিচ্ছেন, যা একজন নারীর জন্য সরাসরি হয়রানি ও স্টকিংয়ের শামিল। এটি অত্যন্ত লজ্জাজনক। অন্য একজন প্রশ্ন তুলেছেন, আপনার ভক্তরা যদি সত্যিই এমন আচরণ শুরু করে, তবে এর দায়ভার কি আপনি নেবেন?

এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিতর্কিত মন্তব্য নিয়ে আল্লু অর্জুনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, আল্লু অর্জুনকে সর্বশেষ দেখা গেছে ব্লকবাস্টার চলচ্চিত্র পুষ্পা ২: দ্য রুল -এ, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। বর্তমানে তিনি পরিচালক অ্যাটলির নতুন সিনেমা রাকা-এর প্রস্তুতি নিচ্ছেন। বহুল প্রতীক্ষিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।

সূত্র: এনডিটিভি

জ/শা


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   আল্লু অর্জুন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft