পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:১৯ এএম

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক জানান, একই সময় ও স্থানে ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জেলা প্রশাসক এ আদেশ জারি করেছেন।

আদেশে বলা হয়, ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছে। একই সময়ে ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন : মৌখিক পরীক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি

প্রশাসনের মতে, উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিঘ্নিত হওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এ প্রেক্ষাপটে জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, মাইকিং, স্লোগান, পিকেটিং, যেকোনো ধরনের উচ্চ শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে-এমন সব ধরনের কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জেলা প্রশাসনের আদেশ অনুযায়ী, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft