প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:৩৯ এএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নয় বছরের ব্যবধানের দুটি ছবি প্রকাশ করেছেন। একটি ২০১৭ সালের, অন্যটি ২০২৬ সালের। দুটি ছবিতে সময়ের সঙ্গে তার পরিবর্তন ভক্তদের নজর কেড়েছে।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি দুটি পোস্ট করেন পূজা। প্রথম ছবিতে তাকে কালো রঙের ওপর গোলাপি নকশার পোশাকে এবং সাম্প্রতিক ছবিতে ধূসর রঙের পোশাকে দেখা যায়। সময়ের ব্যবধানে তার চেহারার পরিবর্তনও স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘২০১৭ বনাম ২০২৬। সময় কত দ্রুত চলে যায়…।’
পোস্টটি প্রকাশের পর ভক্তদের নানা মন্তব্যে ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ লিখেছেন, ‘আগেই বেশি কিউট ছিলে পূজা’, কেউ মন্তব্য করেছেন, ‘টিন ভার্সেস ম্যাচিউর’। আবার কেউ লিখেছেন, ‘সময় বদলেছে, কিন্তু তুমি যেন একই রয়ে গেছো।’ কয়েকজন ভক্ত তাকে বিয়ের পরামর্শও দিয়েছেন। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী।
শিশুশিল্পী হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু হয় পূজা চেরীর। ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। একই বছর ‘পোড়ামন ২’ এবং ‘দহন’ সিনেমার সাফল্যে আলোচনায় উঠে আসেন তিনি।
পরবর্তীতে ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’ ও ‘দম’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
সবশেষ কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে দেখা গেছে পূজা চেরীকে। সৈকত নাসির পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন রাসেল রানা, সৈয়দা তৌহিদা হক তীথি, গাজী রাকায়েত ও অমিত হাসানসহ অনেকে। তবে ছবিটি প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া পায়নি।
জ/উ