প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৪৯ পিএম

দক্ষিণ ভারতীয় অভিনেতা ধানুশকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। এবার ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফে থেকে ধারণ করা একটি ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকে, ম্রুনাল ঠাকুর তখনও ক্যাফের ভেতরে অবস্থান করছিলেন।
তবে ভিডিওটির কোনো অংশেই ম্রুনাল ও যশস্বীকে একসঙ্গে দেখা যায়নি। এমনকি তাদের মধ্যে কোনো কথোপকথন বা ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি। এরপরও কয়েকটি ফ্যান পেজ ভিডিওটি শেয়ার করে তাদের সম্পর্কের ইঙ্গিতপূর্ণ দাবি করলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে তারা সত্যিই একসঙ্গে ডেটে গিয়েছিলেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ভাইরাল হওয়া ভিডিও বা সম্পর্কের এই গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত ম্রুনাল ঠাকুর কিংবা যশস্বী জয়সওয়াল-কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
এদিকে, কাজের ক্ষেত্রে ম্রুনাল ঠাকুর বর্তমানে হিন্দি ছবি ‘পূজা মেরি জান’ এবং তেলুগু ছবি ‘রাকা’ নিয়ে ব্যস্ত। এর মধ্যে ‘পূজা মেরি জান’-এর শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রডাকশনের কাজ চলছে। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ করা হলেও মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
জ/উ