ভারতীয় ট্রাকচালক অপহরণ-ছিনতাই: তিনজনের যাবজ্জীবন
লালমনিরহাট, প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:৩৩ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় এক ট্রাকচালককে অপহরণ, গুরুতর জখম ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া অপহরণের অভিযোগে পৃথকভাবে প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস. এম. শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পাটগ্রাম উপজেলার ইসফারমারা (সোনারভিটা) এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ সবুজ মিয়া, একই এলাকার হাদীসপাড়া গ্রামের মোহাম্মদ আলী ওরফে বুলুর ছেলে মোঃ রমজান আলী এবং ভাটিয়াটারী এলাকার মোঃ শামছুল হক ওরফে সামছুর রহমানের ছেলে মোঃ আরিফুল ইসলাম ওরফে তানজিদ।

আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ২১ আগস্ট ভারতের পাথরবোঝাই একটি ট্রাক পঞ্চগড়ের বাংলাবান্ধা-বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর বুড়িমারী সড়কে বিকল হয়ে পড়ে। ওই ট্রাকের চালক লক্ষ্মীনন্দর সিংকে (৩৭) রাত ১টার দিকে পে-লোডার বা ক্রেন দিয়ে ট্রাক উদ্ধারের প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলে করে নির্জন স্থানে নিয়ে যায় আসামিরা।

পরে ২২ আগস্ট রাত ৩টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ভোটবাড়ী এলাকায় নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় তার কাছে থাকা ৮ হাজার ভারতীয় রুপি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে টহল পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত ট্রাকচালককে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য মোঃ মতিয়ার রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩৬৫ (অপহরণ) ও ৩৯৪ (আঘাত করে ছিনতাই) ধারায় দোষী সাব্যস্ত করে এ রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত আসামি সবুজ মিয়া মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামসুল আলম মিলন বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত যে রায় দিয়েছেন, তাতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। একজন বিদেশি নাগরিককে অপহরণ করে জখম ও ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে এ রায় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft