প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:৪৫ পিএম

দেশের জনপ্রিয় তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় নতুন রেকর্ড গড়েছেন চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘদিন ধরে এ তালিকায় শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়িয়ে এখন বাংলাদেশের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি।
বর্তমানে পরীমনির অফিসিয়াল ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসারীর সংখ্যার বিচারে শীর্ষস্থান এখন পরীমনির দখলে।
চলচ্চিত্রে প্রায় ১২ বছরের ক্যারিয়ারে পরীমনির অভিনীত দুই ডজনের মতো সিনেমা মুক্তি পেলেও তাঁর জনপ্রিয়তার বড় একটি ভিত্তি হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। ব্যক্তিজীবনের নানা মুহূর্ত, ভ্রমণ, সন্তানের বেড়ে ওঠা, ফটোশুট, নতুন কাজের খবর এবং দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এ কারণে অনুসারীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সংযোগ তৈরি হয়েছে বলে মনে করেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
সাম্প্রতিক সময়েও তাঁর পোস্টগুলো ব্যাপক সাড়া ফেলেছে। গত রবিবার কন্যাসন্তানের সঙ্গে খুনসুটির একটি ভিডিও প্রকাশ করে তিনি ক্যাপশনে লেখেন, ‘সাজুনি বুড়ি দেখেন’। মাত্র ২২ ঘণ্টায় ভিডিওটি ৭৮ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় ২ হাজার মন্তব্য এবং প্রায় ১৫ লাখ ভিউ পায়। এর আগের দিন ‘সানসাইশন’ ক্যাপশনে প্রকাশ করা একটি সাধারণ ছবিতেও ৪৮ হাজারের বেশি প্রতিক্রিয়া আসে।
ফেসবুকে শীর্ষস্থান অর্জনের প্রতিক্রিয়ায় পরীমনি বলেন, তিনি জীবনের ছোট ছোট বিষয়গুলো খোলামেলাভাবে সবার সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন। বাস্তব জীবনে যেমন, সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেকে তেমনভাবেই তুলে ধরার চেষ্টা করেন। তাঁর বিশ্বাস, মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় অর্জন এবং ভক্তদের এই ভালোবাসার মূল্য তিনি সবসময় দিতে চান।
ফেসবুক অনুসারীর সংখ্যায় পরীমনি ও সাকিব আল হাসানের মধ্যে শীর্ষস্থান নিয়ে পালাবদল অবশ্য নতুন নয়। প্রায় তিন বছর আগে প্রথমবার তাঁদের অনুসারীর সংখ্যা কাছাকাছি পৌঁছায়। পরে ২০২৩ সালের আগস্টে সাকিব আবার এগিয়ে গেলেও কয়েক মাসের ব্যবধানে দুজনই ১ কোটি ৬০ লাখ অনুসারীর মাইলফলক স্পর্শ করেন। তবে সাম্প্রতিক সময়ে ব্যবধান বাড়িয়ে এককভাবে শীর্ষস্থান দখল করেছেন পরীমনি।