ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথে ট্রাম্প
ভারত, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১:২৩ পিএম

রাশিয়ার জ্বালানি খাতের ওপর আরও কঠোর চাপ সৃষ্টি এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের লক্ষ্যে বহুল আলোচিত একটি দ্বিদলীয় বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত ও চীনসহ রাশিয়ার জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রধান ক্রেতা দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রস্তাবিত এবং ট্রাম্প-সমর্থিত বিলটি পাসের জন্য প্রয়োজনীয় ৬০ ভোটের বিপরীতে ৮৬টি ভোট পায়। বিপক্ষে ভোট দেন ১২ জন সিনেটর। বিলটির পক্ষে প্রায় সব রিপাবলিকান ও অধিকাংশ ডেমোক্র্যাট সদস্য সমর্থন দেন।

চলতি মাসে মৃত্যুবরণ করা সিনেটর গ্রাহামের স্মরণে ক্যাপিটল হিলে আয়োজিত অনুষ্ঠানের পরপরই বিলটি অনুমোদিত হয়। অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও উপস্থিত ছিলেন এবং রুশ আগ্রাসনের সমালোচক গ্রাহামের প্রতি শ্রদ্ধা জানান।

বিল অনুযায়ী, রাশিয়ার সরকারি কর্মকর্তা, প্রভাবশালী ব্যবসায়ী (অলিগার্ক), আর্থিক প্রতিষ্ঠান এবং তেল রপ্তানি নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত কথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া জাহাজের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানিকারক প্রধান দেশগুলোর, বিশেষ করে ভারত ও চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে।

তবে যেসব দেশ রাশিয়া থেকে তাদের মোট প্রাকৃতিক গ্যাসের ১৫ শতাংশের কম আমদানি করে এবং সেই নির্ভরতা কমাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে, তাদের জন্য বিশেষ ছাড়ের বিধান রাখা হয়েছে। এছাড়া ট্রাম্পের অনুরোধে সংশোধিত বিলে ইরানের জ্বালানি ও অস্ত্র খাতে অর্থায়ন ঠেকাতে বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়েছে।

প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা এই বিলটির পক্ষে তিনি এক বছরেরও বেশি সময় ধরে সমর্থন সংগ্রহ করেন। মৃত্যুর কিছুদিন আগে হোয়াইট হাউসের সঙ্গে বিলটির সংশোধিত সংস্কার নিয়েও সমঝোতায় পৌঁছেছিলেন তিনি।

বিলটির সমর্থকদের দাবি, ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে রাশিয়ার অর্থায়নের সক্ষমতা দুর্বল করা এবং মস্কোর জ্বালানি খাতের আয় কমাতেই এই পদক্ষেপ জরুরি। বিল পাসের পর রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের ছয়জন সিনেটর এক যৌথ বিবৃতিতে বলেন, সিনেটর গ্রাহামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর এটিই সবচেয়ে উপযুক্ত উপায়।

তবে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপে উভয় দলের সমর্থন থাকলেও, বিলের শুল্ক-সংক্রান্ত বিধান নিয়ে কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এই বিধান প্রেসিডেন্টকে অতিরিক্ত ক্ষমতা দেবে এবং এর ফলে আমদানিকৃত পণ্যের দাম বেড়ে মার্কিন ভোক্তা ও ইউরোপীয় মিত্রদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে গ্রীষ্মকালীন ছুটির কারণে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) অধিবেশন স্থগিত থাকায় আগামী সেপ্টেম্বরের আগে বিলটি সেখানে চূড়ান্ত বিবেচনার জন্য উত্থাপিত হওয়ার সম্ভাবনা কম।

জ/শা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft