প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে এক ঘণ্টারও কম সময়ে ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দেওয়া সম্ভব। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা যদি কোনো চুক্তিতে না আসে, তাহলে আমি ফিরে গিয়ে আমার কাজ শেষ করব। এরপর সেসব অবকাঠামো পুনর্গঠন করতে তাদের অনেক দীর্ঘ সময় লাগবে। ইতোমধ্যেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তাদের বহু বছর সময় লাগবে।
ইরানের অবকাঠামো নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, অনেকে চান আমি ফিরে গিয়ে কাজটি শেষ করি। সেতুর কথা যদি বলেন, এক ঘণ্টারও কম সময়ে আমি তাদের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি।
তিনি আরও দাবি করেন, প্রয়োজন হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রও লক্ষ্যবস্তু করা যেতে পারে। তাঁর ভাষায়, বিদ্যুৎকেন্দ্র বিশ্বের সবচেয়ে জটিল অবকাঠামোগুলোর একটি এবং সেতু নির্মাণেও দীর্ঘ সময় লাগে।
তবে ট্রাম্প জানান, ইরানের সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে সুপেয় পানি উৎপাদনকারী ডেসালিনেশন প্ল্যান্টে হামলা চালানোর পক্ষে তিনি নন। এ বিষয়ে তিনি বলেন, সেখানে হামলা করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তাই আমি সেটা করতে চাই না।
ট্রাম্পের এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় সক্রিয় করার প্রচেষ্টার খবর সামনে এসেছে। তবে এ বিষয়ে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তথ্যসূত্র: সিএনএন
জ/শা