ঢাকা সফরে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, আলোচনায় থাকবে বাণিজ্য ও আঞ্চলিক সম্পর্ক
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:৩৩ এএম

নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য সহযোগিতা এবং আঞ্চলিক কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সফরে তিনি বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি, চীনের সঙ্গে সম্পর্কের অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে অবগত হবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ম্যানিলায় সদ্য সমাপ্ত আসিয়ান রিজিওনাল ফোরামে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীসহ এ অঞ্চলের বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবারই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন সার্জিও গোর। একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া হয়ে চীন সফর করেন। একই সঙ্গে চীন ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কও জোরদার হওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।

আরও পড়ুন : ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৫০৩, উদ্ধার মাদক ও স্বর্ণালংকার

ওয়াশিংটনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবিরের মতে, বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার হলো এ অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলা করা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর, চীনের প্রস্তাবিত বড় প্রকল্প এবং এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র জানতে আগ্রহী হতে পারে। একই সঙ্গে এআরটির আওতায় নন-মার্কেট অর্থনীতির দেশগুলোর সঙ্গে সম্পর্কের সম্ভাব্য প্রভাবের বিষয়টিও তারা স্মরণ করিয়ে দিতে পারে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, বেইজিংয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা হলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। তার ভাষ্য, উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েই আলোচনা হবে এবং পূর্বের চুক্তি বাস্তবায়নের বিষয়ে সরকার নিজস্ব অবস্থান বিবেচনা করবে।

আরও পড়ুন : দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ওবায়দুল হক বলেন, বাংলাদেশ বাস্তবতার কারণে যুক্তরাষ্ট্র বা চীন-কোনো পক্ষকেই উপেক্ষা করতে পারে না। তার মতে, চীন, মালয়েশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের অংশ। তবে যুক্তরাষ্ট্র চাইবে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেন এ অঞ্চলে তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী না হয়। একই সঙ্গে এসব দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের কিছুটা অস্বস্তি থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বিএনপি সরকার গঠনের পর সার্জিও গোরের আগে ট্রাম্প প্রশাসনের আরও দুই শীর্ষ কর্মকর্তা ঢাকা সফর করেছেন। গত মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং দুই মাস আগে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft