প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:১০ এএম

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ সিলেটে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌনে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। এ সময় স্বজনদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
নিহতরা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও ৩ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
মঙ্গলবার জোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদ্রাসা মাঠে পাঁচ প্রবাসীর সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় এই পাঁচ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়।
জ/দি