জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেত্রকোণায় বারসিকের সহযোগিতায় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ অনুষ্ঠিত
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:১৮ পিএম

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে নেত্রকোণায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং গ্রিন কোয়ালিশন কমিটি। কর্মসূচির প্রতিপাদ্য ছিল, "সবুজ হোক পৃথিবী, টিকে থাকুক প্রাণপ্রকৃতি"।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থী, শিক্ষক ও পরিবেশকর্মীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কাইলাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। এই সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যাতেও নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম, স্কুল পরিচালনা কমিটির সদস্য ফজলে রাব্বি এবং বারসিকের কর্মকর্তা রোখসানা রুমি। এছাড়া স্থানীয় পরিবেশকর্মী, যুব প্রতিনিধিসহ বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা শেষে অতিথি ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে শোভাবর্ধনকারী, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে ৩০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকদের মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এ ধরনের সচেতনতামূলক ও সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft