ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:২৮ পিএম

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। টাস্কফোর্সটি মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি, সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নে ভূমিকা রাখবে।

স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ। তিনি সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে-

* বিভিন্ন দফতর ও সংস্থার মাধ্যমে ব্যাপক লিফলেট ও প্রচারপত্র বিতরণ
* স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম
* স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদার
* ফগার মেশিন ও মশক নিধন কার্যক্রমের মান নিয়মিত তদারকি ও পরীক্ষা
* এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে বিশেষ অভিযান
* নির্মাণাধীন ভবন, ছাদবাগান, টায়ারের দোকান, গ্যারেজ ও জলাবদ্ধ এলাকায় নিয়মিত পরিদর্শন
* গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার বৃদ্ধি
* ডেঙ্গুর লার্ভা শনাক্ত এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ
* মনিটরিং ও তদারকি কার্যক্রম আরও শক্তিশালী করা
* আক্রান্ত রোগীদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ

সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার ঝুঁকি থাকায় এখন থেকেই প্রস্তুতি জোরদার করা জরুরি। জাতীয় কমিটির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমের গতি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও সিটি কর্পোরেশনের প্রতিনিধি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়াসা, এলজিইডি, ডিপিএইচই, রাজউক এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর করতে সম্প্রতি জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রীর নেতৃত্বাধীন এ কমিটি মাঠপর্যায়ের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি নিশ্চিতের আশা প্রকাশ করেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft