প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:৪৪ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশকে শুধু স্থানীয় চাহিদার মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক বাজারে রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইলিশের প্রজনন ও নিরাপদ বিচরণ নিশ্চিত করতে নদীর স্বাভাবিক প্রবাহ ও পানির গুণগতমান বজায় রাখা জরুরি। পাশাপাশি শিল্পবর্জ্য ও বিষাক্ত পদার্থ নদীতে ফেলা বন্ধে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অবৈধ জালের ব্যবহার বন্ধেও সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, জেলেদের অধিকাংশই দাদননির্ভর জীবনযাপন করেন। তাই তাদের বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ খাতে নতুন উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী জানান, ইলিশ সম্পদ ব্যবস্থাপনায় গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ উপদেষ্টা দল গঠনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তাদের পরামর্শের ভিত্তিতে ভবিষ্যৎ নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিশ্বের মোট ইলিশ উৎপাদনের বড় অংশ বাংলাদেশে হয়, তাই ইলিশকে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, সচিব, গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ