মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৪২ এএম

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের পাশাপাশি শ্রমবাজার দ্রুত খোলার বিষয়টি তিনি আলোচনায় তুলে ধরেছেন। একই সঙ্গে অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের পুনরায় নিয়োগের বিষয়েও অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ, ন্যায্য এবং সাশ্রয়ী হওয়া উচিত, যাতে কর্মীদের ওপর অতিরিক্ত ব্যয় বা মধ্যস্বত্বভোগীদের চাপ না পড়ে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন : মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে আলোচনা হবে : প্রধানমন্ত্রী

আঞ্চলিক সহযোগিতা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে চায় এবং আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারত্বে যুক্ত হওয়ার বিষয়েও বাংলাদেশ আগ্রহী বলে জানান তিনি।

বৈঠকে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু এবং জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা নিয়েও আলোচনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন দেওয়ায় মালয়েশিয়াকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ও বিনিময় হওয়া দ্বিপক্ষীয় দলিলসমূহ সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

এর আগে সকালে পেরদানা পুত্রা ভবনে একান্ত বৈঠক ও পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে দুই দেশের উচ্চপর্যায়ের নেতারা অংশ নেন। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনসংযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পরে দুই নেতা যৌথ ব্রিফিংয়ে অংশ নেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft