প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:২২ পিএম

দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
শনিবার (২০ জুন) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, উচ্চশিক্ষার লক্ষ্য কেবল সনদ প্রদান নয়; বরং এমন দক্ষ ও উদ্ভাবনী গ্র্যাজুয়েট তৈরি করা, যারা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে সক্ষম হবে।
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান সৃষ্টি, বিতরণ ও সংরক্ষণের পাশাপাশি দক্ষতা উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যেন অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করাই উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত।
তিনি জানান, ইউজিসি এমন একটি উচ্চশিক্ষা মডেল গড়ে তুলতে চায় যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত ও সমাজের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হবে। এতে শিক্ষার্থীরা শিক্ষাজীবনের পাশাপাশি কর্মজীবনেও ধারাবাহিকভাবে দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
ড. মামুন আহমেদ বলেন, চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক অর্থনীতির দ্রুত পরিবর্তনের যুগে দক্ষ মানবসম্পদই হবে দেশের প্রধান শক্তি। তাই সময়োপযোগী পাঠ্যক্রম, গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষায় দক্ষতার পাশাপাশি নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
দিনব্যাপী এই সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অংশ নেন। এতে ৪৮টি গবেষণাপত্র মৌখিকভাবে এবং ২০টি পোস্টার উপস্থাপন করা হয়।
জ/উ