প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:০৭ পিএম

রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনে বাংলাদেশ ও মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দেশের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সংকট সমাধানে মিয়ানমার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা আরও জোরদার করা হবে, যাতে চলমান মানবিক সংকটের মূল কারণ ও প্রভাব মোকাবিলা করা যায়।
আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্মিলিত উদ্যোগে উভয় দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুরবস্থা লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ উন্নয়নে গবেষণা ও নতুন প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর জোর দিয়ে কৃষির পাশাপাশি জ্বালানি, সেমিকন্ডাক্টর, ডিজিটাল অর্থনীতি ও উন্নত প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই দেশ অভিন্ন অবস্থান ব্যক্ত করে। গাজায় চলমান মানবিক সংকট নিরসন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগ এবং ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর ও বিনিময় করা হয়। পাশাপাশি অ্যান্টি-টেররিজম গবেষণা এবং বিনিয়োগ সম্প্রসারণ ও সহায়তা সংক্রান্ত দুটি নোট বিনিময় সম্পন্ন হয়।
উভয় পক্ষই মনে করে, এসব উদ্যোগ বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ, গতিশীল এবং পারস্পরিকভাবে লাভজনক করবে।
জ/উ